সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; এটি সমগ্র জাতির অর্জন। তিনি দাবি করেন, আন্দোলনের সময় যাদের মাঠে দেখা যায়নি, পরবর্তীতে তারাই নিজেদের আন্দোলনের মূল নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জনগণ সেই দাবি প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর ঢাকা কলেজে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। এটি ছিল জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত ফসল।
শেখ রবিউল আলম আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, এই গণআন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে।
মন্ত্রী দাবি করেন, বিএনপির নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের ফলেই জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়। এ কারণেই ২০২৬ সালের নির্বাচনে জনগণ বিএনপির ওপর আস্থা রেখে তাদের নির্বাচিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় তিনি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।