‘‘ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। চিকিৎসা সুবিধা ভুগীদের জন্য উন্মোচিত হলো নতুন দুয়ার। অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ধামরাইয়ের স্বাস্থ্য সেবার মান সত্যি সত্যি এক ধাপ এগিয়ে গেল’’- আজ রোববার (৮ফ্রেরুয়ারী) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাল এক্স-রে মেশিনের শুভ উদ্বোধন করতে গিয়ে এমন সব কথা বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুর আল মোর্শেদ চৌধুরী।
জানা গেল, ইউএইচএফপিও ডা: মঞ্জুর আল মোর্শেদ এর আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টার ফল স্বাস্থ্য কমপ্লেক্সের এই নতুন ডিজিটাল এক্সরে মেশিন। মেশিনটি স্থাপনের ফলে সহজেই রোগীরা আরও দ্রুত, আরও উন্নত চিকিৎসা সেবা পাবেন। তাদেরকে আর মূলবান সময় ও টাকা খরচ করে দূর দূরান্তে যেতে হবে না বলে মন্তব্য করলেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
যদিও সরকারী এই সম্পদ ঠিক মত দেখভাল করা হবে কি না? মেশিনটি কতদিন ভাল ও চালু থাকবে? রোগীরা ঠিকমত সেবা পাবে কি না- কেউ এমন আশংকা প্রকাশ করলে প্রচলিত প্রেক্ষাপটে তা একেবারে অমূলক বা উড়িয়ে দেয়ার মত নয় বটে। তবু এ ক্ষেত্রে ধামরাই বাসীর প্রত্যাশা উন্নত ও সুন্দর আগামী।

ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন কালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আহমেদুল হক তিতাস,হাসপাতালের সিনিয়ার ডাঃ মোঃ আকিব হোসেনসহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।