প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি অনুষ্ঠানটি টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন যে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে উন্নত করা হবে। আমরা এমন একটি মান তৈরি করতে চাই যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলবে।
তিনি আরো বলেন, তারেক রহমান আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বাংলাদেশি শিক্ষার প্রতি আকৃষ্ট হবে।
এ সময় তিনি আরো বলেন, বিশ্বের কিছু নির্বাচিত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম যারা মধ্যপ্রাচ্যের সংকট সত্ত্বেও জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।
তবে এর মানে এই নয় যে, বাংলাদেশ বৈশ্বিক সংকটের বাইরে রয়েছে। আমরা এই সংকটের মাঝপথে অবস্থান করছি।
প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
তারেক রহমান আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বাংলাদেশি শিক্ষার প্রতি আকৃষ্ট হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু স্বপ্ন দেখবে না তারা বিদেশেও গিয়ে শিক্ষা অর্জন করবে।
আমরা শিক্ষাকে এমনভাবে গড়ে তুলতে চাই, যা ক্যারিয়ারমুখী হবে এবং শিক্ষার্থীদের নিজস্ব ভবিষ্যৎ তৈরি করতে সহায়ক হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে আগামী পাঁচ বছরে ২৫ কোটির বেশি বৃক্ষরোপণ করা হবে। ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং কাজ এগিয়ে চলেছে; ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্য অতিক্রম করব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ অন্যান্য অতিথিরা।