ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার উপকূলে ভয়াবহ নৌযানডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দু’জনের মরদেহ পাওয়া গেছে।
ইতালির কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’আরিগো জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা পাকিস্তান, বাংলাদেশ ও মিশরের নাগরিক।
জার্মান উদ্ধার সংস্থা সি ওয়াচ জানায়, শনিবার তাদের একটি বিমান ভূমধ্যসাগরের কেন্দ্রে বিপদগ্রস্ত নৌযানের সন্ধান পায়। পরে সেখানে একটি উল্টে যাওয়া কাঠের নৌযান দেখা যায়, যেখানে কয়েকজন সেটি আঁকড়ে ধরে ছিলেন এবং অনেকে পানিতে ভাসছিলেন।
ইউএনএইচসিআর ও ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) তথ্য অনুযায়ী, নৌযানটি লিবিয়ার তাজৌরা বন্দর থেকে যাত্রা শুরু করে। শতাধিক যাত্রী বহনকারী এই নৌযানটি প্রতিকূল আবহাওয়া ও উঁচু ঢেউয়ের কারণে কিছুক্ষণের মধ্যেই ডুবে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির দক্ষিণাঞ্চলের ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
চলতি বছর ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে শত শত অভিবাসী নিখোঁজ হয়েছেন যা এই রুটের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে আবারও সামনে নিয়ে এসেছে।