যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেছেন, “মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। সমাজকে আলোকিত ও কলুষমুক্ত করতে আলেমদের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
শনিবার (২৩ মে, ২০২৬) সকাল ৯টায় নাভারণ দারুল আমান ট্রাস্টের হল রুমে শার্শা উপজেলার ৮টি ইউনিয়নের আলেমদের নিয়ে আয়োজিত এক বিশাল ‘উলামা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আজীজুর রহমান এমপি আরও বলেন, “মাদক নির্মূল ও নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে কোরআন ও হাদিসের আলোকে সচেতন করতে হবে। মসজিদের মিম্বার থেকে শুরু করে সামাজিক সব স্তরে ইসলামের সঠিক বাণী পৌঁছে দিয়ে আলেমদের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।”
শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, শার্শা উপজেলা জামায়াত, মাওলানা মিজানুর রহমান, সভাপতি, শার্শা উপজেলা উলামা।, মাওলানা শফিউর রহমান, মাওলানা আবু ইয়াহইয়া, মাওলানা ইসমাইল হোসেb, মাওলানা সিদ্দিকুর রহমান, সমাবেশে শার্শা উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় শীর্ষস্থানীয় আলেম-উলামারা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার ও মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।