ইরান যুদ্ধের পর পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বুধবার ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে। জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন এবং এটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দরে থেকে রওনা হয়েছে। বর্তমানে এটি দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং ঘণ্টায় ৮.৩০ নটিক্যাল মাইল গতিতে এগোচ্ছে। জাহাজটির ড্রাফট ১০.৮০ মিটার।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, রাস আল খাইর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে আমরা দাম্মাম বন্দরে অবস্থান করছিলাম। যুদ্ধবিরতির পর নোঙর তোলা হয়েছে এবং এখন হরমুজের দিকে যাচ্ছি। হরমুজ পার হয়ে জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়া হবে।
তিনি আরও যোগ করেন, হরমুজ পর্যন্ত ৪২৫ নটিক্যাল মাইল দূরত্বে জাহাজটি অবস্থান করছে এবং যাত্রায় প্রায় ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।
বিএসসি সূত্রে জানা যায়, বাংলার জয়যাত্রা ভারত থেকে পণ্য নিয়ে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরবর্তীতে কাতারের একটি বন্দরে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরপর ইরানে হামলার ঘটনা ঘটলে মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে এবং জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে।
বিএসসি কর্মকর্তারা জানান, জাহাজটির কুয়েতের একটি বন্দরে নতুন পণ্য বোঝাই করার পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে ভিন্ন রুট নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির পর আবার যাত্রা শুরু করেছে জাহাজটি। হরমুজ প্রণালি পার হয়ে নিরাপদে চলাচলের উদ্দেশ্যে।