রাজধানীর ফুটপাত দখলমুক্ত ও শৃঙ্খলিত হকার ব্যবস্থাপনা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি রাজধানীর ছয়টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট স্থাপনের পরিকল্পনা করেছে যেখানে নিবন্ধনের মাধ্যমে হকারদের বসার সুযোগ দেওয়া হবে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত “ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে” শীর্ষক আলোচনায় এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানটির আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ।
শফিকুল ইসলাম খান বলেন, ‘ফুটপাতে আগে যেখানে ২০০ হকার ছিল, এখন তা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এমনকি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। দুই শতাংশ মানুষের কারণে ৯৮ শতাংশ মানুষ ভোগান্তিতে পড়ছে।’
ডিএনসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য নির্ধারিত জায়গাগুলোতে স্থায়ী স্থাপনা করা যাবে না। চৌকি বা ট্রলির মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে এবং প্রতিদিনের শেষে তা সরিয়ে নিতে হবে। এতে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হবে।
নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবের কথা তুলে ধরে শফিকুল ইসলাম খান বলেন, আমরা যা করি তার অধিকাংশই সাময়িক। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।
সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে সমন্বিতভাবে একটি কর্তৃপক্ষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, স্থপতি সুজাউল ইসলাম খান, ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদও বক্তব্য দেন।