দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক ও দেশীয় বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত ১৫ মে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মাত্র এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম কমানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার স্বর্ণের দামে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার দাম রাখা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।