ওজন কমাতে এড়াতে হবে কিছু ভুল ওজন কমানোর জন্য অনেকেই হঠাৎ করেই কঠোর ডায়েট শুরু করেন। কিন্তু ডায়েট করতে গিয়ে কিছু সাধারণ ভুলের কারণে উল্টো শরীরের ক্ষতি হতে পারে। অনেক সময় ওজন কমার বদলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, আবার কখনও বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দেয়। তাই ওজন কমাতে চাইলে কয়েকটি ভুল অবশ্যই এড়িয়ে চলা জরুরি। ডায়েট মানেই খাবার বন্ধ করে দেওয়া এমন ধারণা অনেকের। কিন্তু বাস্তবে এটি শরীরের জন্য ক্ষতিকর। অনেকেই ডায়েট শুরু করেই নাস্তা, দুপুর বা রাতের খাবার বাদ দেন। এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে। হঠাৎ করে খুব কম ক্যালোরির ডায়েট নিলে শরীরের শক্তি কমে যায় ফলে দৈনন্দিন কাজ করা বা ব্যায়াম করার শক্তিও থাকে না। তাই একবারে ক্যালোরি কমানোর বদলে ধীরে ধীরে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা ভালো। সুস্থভাবে ওজন কমাতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকে না। প্রোটিন শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে এবং ওজন কমানোর প্রক্রিয়াকেও সহজ করে। ডাল, ডিম, পনির, মাছ বা মুরগির মতো প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খেলে শরীর শক্তি পায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বর্তমানে বাজারে অনেক প্যাকেটজাত খাবার পাওয়া যায় যেগুলোকে ‘ডায়েট ফুড’ বা ‘লো-ক্যালোরি’ বলে প্রচার করা হয়। কিন্তু এসব খাবারে অনেক সময় লুকানো চিনি, লবণ বা প্রিজারভেটিভ থাকে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাজা ফল, সবজি ও ঘরে তৈরি খাবারের তুলনায় এসব খাবার স্বাস্থ্যকর নয়। নিয়মিত এমন খাবার খেলে মেটাবলিজমের ওপর খারাপ প্রভাব পড়তে পারে এবং উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বা স্থূলতার মতো সমস্যাও দেখা দিতে পারে। ওজন কমাতে চাইলে তাই কঠোর ডায়েটের বদলে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনই সবচেয়ে কার্যকর উপায়।