গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছুরিকাঘাতে রুমন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই রুহিত (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিব এবং প্রতিবেশী মৃত ফারুকের ছেলে রুহিতের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
ঘটনার দিন রাতে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতের ওপর হামলা চালায়। বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা আহত দুইজনকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিতকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার মা বেবি বেগম এবং স্ত্রী ইতি বেগমকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।