টিসিবির পণ্য পরিমাপে কম দেওয়ার অপরাধে ঢাকার ধামরাইয়ে টিসিবি’র ডিলার ফরহাদ হোসেন রিমনকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫মে) বিকেলের দিকে ধামরাই উপজেলা পৌর শহরের ঢুলিভিটা বউ বাজার এলাকায় টিসিবি’র ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-মামুন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহম্মেদ রাফি।
টিসিবি’র পণ্য নিতে আসা ভোক্তারা সাংবাদিকদের জানান, টিসিবি’র পণ্য নিতে আসলে ডিলার বিভিন্ন ধরণের হয়রানি , স্বজনপীতি এবং পরিমাপে কম দেয়। পরে বেশি দামে বিক্রি করে। স্থানীয় সূত্রে আরও জানা যায় এই ডিলার পয়েন্টে টিসিবি পন্য পরিমানে কম দেওয়ার অভিযোগ দীর্ঘ দিনের। কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। অবশেষে বিষয়টি প্রশাসনের কানে পৌছলে প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত জরিমানা করেন।
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আল-মামুন সাংবাদিকদের জানান, টিসিবি’র ডিলার মোঃ ফরহাদ হোসেন রিমন এর বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন। তারা অভিযোগের সত্যতা পেয়েছেন। টিসিবি’র পণ্য পরিমাপে কম দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত ডিলারকে ১০হাজার টাকা জরিমানা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।