বর্তমান জ্বালানি সংকটের সময়ে সাইক্লিং কেবল পরিবেশবান্ধব একটি যাত্রা মাধ্যমই নয়, এটি শরীরচর্চার একটি সহজ ও কার্যকর উপায় হিসেবেও বিবেচিত হচ্ছে। ‘Move your body’—শরীরকে সচল রাখুন—এই কথাটিই সুস্থ থাকার সবচেয়ে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ। কেউ সাঁতার উপভোগ করেন, কেউ নাচের তালে নিজেকে ছন্দে রাখেন, আবার কেউ খুঁজে পান স্বাধীনতার স্বাদ—দুটি চাকা, দুটি প্যাডেল আর বিস্তৃত রাস্তার মাঝে।
সাইক্লিং কেবল একটি শখ নয়; এটি এমন একটি ব্যায়াম যা শরীর এবং মন—দুটোরই উন্নতিতে কার্যকর। খোলা রাস্তায় হোক বা ইনডোর সাইক্লিং স্টুডিওতে, সাইক্লিংয়ের আনন্দ এবং উপকারিতা দুটোই অসাধারণ।
সাইক্লিংকে সাধারণত একটি লো-ইমপ্যাক্ট (কম চাপযুক্ত) ব্যায়াম হিসেবে ধরা হয়, যা সব বয়সের মানুষের জন্য উপযোগী। এটি একটি অ্যারোবিক ব্যায়াম, যা হৃদপিণ্ড, রক্তনালী এবং ফুসফুসকে শক্তিশালী করে। হাঁটা, নৌকা বাইচ বা সাঁতার—এসবের মতোই সাইক্লিং শরীরকে স্বাস্থ্যবান রাখে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট অ্যারোবিক ব্যায়াম করা উচিত এবং এই লক্ষ্য পূরণে সাইক্লিং একটি সহজ ও কার্যকর উপায় বিশেষ করে যারা নতুন করে ব্যায়াম শুরু করছেন।
নিয়মিত সাইক্লিং শরীরের পেশি শক্তিশালী করে এবং সহনশীলতা বাড়ায়। পায়ের পেশি ধীরে ধীরে নমনীয় হয়, সঙ্গে কোর (পেটের পেশি) ও হাতের পেশিও সক্রিয় থাকে। সাইকেল চালানোর সময় শরীরকে ভারসাম্যে রাখতে হয়, ফলে ব্যালান্স ও কো-অর্ডিনেশনও উন্নত হয় যা ভঙ্গিমার উন্নতি ঘটায়।
মানসিক স্বাস্থ্যের জন্যও সাইক্লিং কার্যকর। এটি মস্তিষ্কে এন্ডোরফিন তৈরি করে, যা আনন্দ এবং প্রশান্তি এনে দেয়।
নিয়মিত সাইক্লিং উদ্বেগ কমায়, বিষণ্নতা হ্রাস করে, মন ভালো রাখে। প্রকৃতির মাঝে সাইকেল চালানো বা বন্ধুদের সঙ্গে রাইড করা অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে। এছাড়া যাদের আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস আছে তাদের জন্যও সাইক্লিং নিরাপদ ব্যায়াম। এতে জয়েন্টে কম চাপ পড়ে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, জয়েন্টের তরল বৃদ্ধি পায় এবং ব্যথা কমে।
নতুন হিসেবে সাইক্লিং শুরু করার সময় কিছু বিষয় মনে রাখা জরুরি। কাঁধ সোজা রাখুন, কনুই সামান্য বাঁকানো রাখুন, হ্যান্ডেল হালকা ধরুন এবং ঘাড় সোজা ও আরামদায়ক রাখুন। সিট, প্যাডেল এবং হ্যান্ডেলবার শরীরের সঙ্গে মানানসই করে ঠিক করুন। প্রথমে ১০–১৫ মিনিট দিয়ে শুরু করুন, ধীরে ধীরে সময় ও গতি বাড়ান। নিরাপত্তার জন্য হেলমেট পরা, ট্রাফিক নিয়ম মেনে চলা, সতর্ক থাকা এবং রাতের সময়ে লাইট ব্যবহার করা জরুরি।
সাইক্লিং সহজ, উপভোগ্য এবং কার্যকর। এটি শরীরকে শক্তিশালী করে, নমনীয়তা বাড়ায়, মন ভালো রাখে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করে।
তাই আজই শুরু করতে পারেন ধীরে, নিরাপদে, নিজের মতো করে। সুস্থতার পথে ছোট একটি পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা হতে পারে।