বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। তাদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের ভাষ্য, সকালে বাড়ির পাশ থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় ঘটনাস্থলে থাকা তিনজন আগুনে দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন।
আহতদের স্বজন জামাল হাওলাদার জানান, বাড়ির পাশে বালুভর্তি একটি বস্তার মধ্যে থাকা বোমা সদৃশ কোনো বস্তু বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কীভাবে ওই বিস্ফোরকসদৃশ বস্তু সেখানে এলো সে বিষয়ে পরিবারের কারও জানা নেই বলেও তিনি জানান।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং এর উৎস শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কী ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছে বা এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।