আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং তারা দেশের ভেতরে তেমন কোনো তৎপরতা দেখাতে পারছে না।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সে ধরনের সক্ষমতা আছে বলে তিনি মনে করেন না। তিনি দাবি করেন, দলটি বর্তমানে নিষিদ্ধ এবং বিদেশ থেকে মাঝে মধ্যে কিছু বক্তব্য বা তৎপরতার চেষ্টা ছাড়া উল্লেখযোগ্য কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি নতুন কোনো নির্দেশনা নয়; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। তিনি জানান, কোনো যানবাহন যেন নজরদারিহীন অবস্থায় না থাকে, দায়িত্বে থাকা সদস্যরা যেন সবাই একসঙ্গে অবস্থান ত্যাগ না করেন এবং সব সময় সতর্ক অবস্থানে থাকেন—এসব নির্দেশনা নিয়মিতভাবেই অনুসরণ করা হয়।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, এ উপলক্ষে মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে সরকারের রাজনৈতিক মিত্র ও যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
এদিকে, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।