রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা সরকারের নতুন সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
রোববার (২ আগস্ট) কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচির পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নেন।
এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। কর্মসূচির শুরুতে কোরআন তিলাওয়াত, অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আন্দোলনের কারণে শাহবাগ থানার সামনের সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ ব্যারিকেড ও জলকামান মোতায়েন করা হয়।
আন্দোলনকারীরা জানান, চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী ফল প্রকাশের প্রায় ১৭৫ দিন পার হলেও এখনো যোগদান করতে পারেননি। নিয়োগের সব ধাপ সম্পন্ন হলেও দীর্ঘসূত্রতার কারণে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেন।
আন্দোলনের মধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর নির্বাচিত সহকারী শিক্ষকরা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। পরদিন ২ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে। এছাড়া নির্ধারিত সময়ে নিয়োগপত্র প্রদান এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে।
নতুন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আন্দোলনকারীরা জানান, প্রজ্ঞাপন প্রকাশের পর তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলার ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হলেও দীর্ঘদিন ধরে তাদের যোগদান সম্পন্ন হয়নি।