তীব্র গরমে শরীর ঠান্ডা রাখা ও পানিশূন্যতা দূর করতে ফলের শরবত জনপ্রিয় একটি উপায়। কাঁচা আম, তরমুজ ও বেল এই তিনটি ফল দিয়েই তৈরি হয় ভিন্ন স্বাদের শরবত, যার প্রতিটিরই রয়েছে আলাদা পুষ্টিগুণ ও সীমাবদ্ধতা।
টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শম্পা শারমিন খানের মতে, গরমে শরীরের চাহিদা ও পুষ্টি বিবেচনায় প্রতিটি শরবতেরই আলাদা উপকারিতা রয়েছে।
কাঁচা আমের শরবত
কাঁচা আমে প্রচুর ভিটামিন সি ও খনিজ উপাদান থাকে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। তবে এতে লবণ ও চিনি মেশানো হয় বলে সতর্ক থাকতে হয়। অতিরিক্ত লবণ বা চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের জন্য। তবুও পরিমিতভাবে গ্রহণ করলে এটি গরমে স্বস্তি দিতে পারে।
তরমুজের শরবত
তরমুজে পানির পরিমাণ বেশি থাকায় এটি দ্রুত শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। এতে থাকা লাইকোপেন ও অ্যান্টি অক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। প্রাকৃতিক মিষ্টতা থাকায় আলাদা চিনি যোগ না করলে এটি সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর গরমকালীন পানীয় হিসেবে বিবেচিত হয়।
বেলের শরবত
বেলের শরবত তুলনামূলক ঘন হলেও এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এতে থাকা আঁশ ও বিটা ক্যারোটিন শরীরের জন্য উপকারী, যা ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। তবে ছেঁকে খেলে আঁশের উপকার কিছুটা কমে যায়।
বিশেষজ্ঞদের মতে, তিনটি শরবতের মধ্যে গরমে শরীর ঠান্ডা রাখা ও হাইড্রেশন বজায় রাখতে তরমুজের শরবতই সবচেয়ে উপকারী। তবে চিনি বা অতিরিক্ত লবণ না মেশানোই ভালো। মাঝে মাঝে অন্য শরবতগুলোও পরিমিতভাবে খাওয়া যেতে পারে স্বাদ ও পুষ্টির বৈচিত্র্যের জন্য।