মোংলা নদী পারাপারে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি এবং অব্যবস্থাপনার সমস্যার সমাধান করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় জরুরি পদক্ষেপ নিয়েছে।
রোববার বিকেলে মোংলাবন্দর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সভায় আগামী এক সপ্তাহের মধ্যে নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন পন্টুন নির্মাণ, যাত্রী ওঠানামার সুবিধার্থে ২৪ ঘণ্টা ফেরি সেবা চালু এবং অন্যান্য প্রাসঙ্গিক অবকাঠামো উন্নয়ন করার প্রস্তাব গৃহীত হয়েছে।
জেলা প্রশাসক গোলাম মো. রাতেনের সভাপতিত্বে সভায় ঘোষণা করা হ।ে যাত্রী পারাপারের ভোগান্তি নিরসনে ৭ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়মিত তদারকি করবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান ও প্রতিবেদন জমা দেবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলাম সভায় বলেন, মোংলাবন্দর আন্তর্জাতিক মানের বন্দর হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ ও শ্রমিকরা দৈনন্দিন যাত্রায় ভোগান্তিতে পড়ছে।
তিনি জানান, নদীর উপর আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনা থাকলেও তার আগ পর্যন্ত ফেরি ও পল্টুন ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের ভোগান্তি কমানোর এই উদ্যোগ ও বিশেষ কমিটি তাদের মধ্যে আশার সঞ্চার করেছে। সাধারণ মানুষের দাবি, কমিটি যেন কেবল কাগজে সীমাবদ্ধ না থেকে দ্রুত মাঠ পর্যায়ে কাজ করে।