মুক্তির চতুর্থ সপ্তাহে এসে রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রাক্ষস’-এর প্রদর্শনী উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন দেশজুড়ে মোট ৫৫টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।
প্রথমে মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরে সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শন শুরু হলে সিনেমাটির দর্শকপ্রিয়তা আরও বাড়ে। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, সিঙ্গেল স্ক্রিনে ভালো সাড়া পাওয়ায় হল সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করা হয়েছে।
সিনেমাটি ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের পাশাপাশি ইতালিতেও প্রদর্শিত হচ্ছে। আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
চতুর্থ সপ্তাহে ‘রাক্ষস’ প্রদর্শিত হচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের বড় শহর ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রেক্ষাগৃহে। তালিকায় চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলের সিনেমা হলও রয়েছে।
‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে রয়েছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে অভিনয় করেছেন। একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, শুরুতে মাল্টিপ্লেক্সে শো সীমিত থাকায় অনেক দর্শক সিনেমাটি দেখতে পারেননি। তবে ধীরে ধীরে দর্শক আগ্রহ বাড়ায় এখন দেশজুড়ে ছবিটি আরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।