জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সাইকেল শোভাযাত্রা বের করা হয় যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সাইকেল র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মমতাজ আক্তার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানে সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। পরে আলোচনা সভায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।