জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটিকে ঘিরে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাহিনীটি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠান, পদযাত্রা এবং স্মৃতিস্তম্ভ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার পরিস্থিতি মূল্যায়ন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
র্যাব জানায়, সম্ভাব্য নাশকতা, উগ্রবাদী তৎপরতা কিংবা নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ, সাদা পোশাকে টহল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানস্থল, জুলাই স্মৃতিস্তম্ভ এবং নির্ধারিত রোডমার্চ ও পদযাত্রার রুটে ৪ আগস্ট রাত থেকেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং ও সাইবার পেট্রোলিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দিবসটি উপলক্ষে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।