পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া খারাপ থাকলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাতের আয়োজন করা হবে।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকাল সাড়ে ৮টায় এখানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত বা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।
এ সময় তিনি জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রের চেষ্টা করবো ঈদগাহে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে।
সবার জন্য ওযুখানাসহ মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন সে কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন এটা ঢাকার নাগরিকদের জন্য আনান্দের।
নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই। যারা এখানে নামাজ আদায়ে আসবেন তারা নির্দেশনা মেনে নিরাপত্তায় ব্যাহত হয় এমন কিছু সঙ্গে বহন করবেন না ঈদগাহে প্রবেশের সময়।
জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।