আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি স্থগিতের খবরকে ভিত্তিহীন বলে নাকচ করেছে সরকার। শুক্রবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত ‘সংস্কারে ব্যর্থতার কারণে আইএমএফ ঋণের কিস্তি স্থগিত করেছ’ শীর্ষক প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করেছে।
প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং তার দলের সঙ্গে। দ্বিতীয় বৈঠক হয় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ও তার প্রতিনিধিদলের সঙ্গে।
সরকারের ভাষ্য অনুযায়ী, উভয় বৈঠকই ইতিবাচক পরিবেশে হয়েছে এবং রাজস্ব আয় বৃদ্ধি, ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অনেক বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও কিছু বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইএমএফ বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে এবং বর্তমান সরকারের সময়েও তারা সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
সরকার স্পষ্ট করে জানিয়েছে, ঋণের কিস্তি স্থগিতের কোনো সিদ্ধান্ত আইএমএফ নেয়নি এবং এ বিষয়ে প্রকাশিত খবর সঠিক নয়।