আড়াই দশকেরও বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে আখ্যায়িত করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
রিটে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়েছে।
রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টে এই রিট দায়ের করেন। রিটে রাষ্ট্রীয় টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।
রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে; ইতোমধ্যে শতাধিক শিশু মৃত্যু ও বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় রাষ্ট্রীয় টিকাদান কর্মসূচি বাতিলকে বড় ধরনের অবহেলা হিসেবে দেখা হচ্ছে।
রিটে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ চাওয়া হয়েছে। তদন্তের উদ্দেশ্য হলো, হামের জরুরি টিকা রাষ্ট্রীয় হাত থেকে বেসরকারি খাতে দেওয়ার পেছনে কোনো অসাধু বা অপরাধমূলক স্বার্থ ছিল কি না তা যাচাই করা।