মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় জাতীয় স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তারা বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পুনরায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা-বোনসহ স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।