কৃষিতে স্বনির্ভর উত্তর জেলা ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের সার উৎপাদন সহজ ও কার্যকর করা এবং মাটির জৈব গুণাবলী রক্ষা করা লক্ষ্য করা হয়েছে।
দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের হাতে মেশিনগুলি তুলে দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তা, ইউনিয়ন কৃষি কর্মকর্তারা ও উপকারভোগী কৃষকরা।
কৃষিবীদ নাসিরুল আলম বলেন, ঠাকুরগাঁওয়ের উঁচু জমিগুলো সারাবছর চাষাবাদের আওতায় থাকায় মাটির জৈব গুণাবলী হ্রাস পাচ্ছে। মাটির গুণাবলী রক্ষা ও সার উৎপাদন সহজ করতে প্রান্তিক কৃষকদের জন্য এই সেপারেটর মেশিন বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও কৃষকদের মধ্যে মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।
প্রান্তিক কৃষকদের মাঝে ১০টি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে, যার প্রতিটির বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। জেলা জুড়ে ৭০ জন ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক ও উদ্যোক্তা রয়েছে যারা এই উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হবেন।