ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারানো একটি ইট ভর্তি ট্রাকের ধাক্কায় বজলুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কালামপুর–সাটুরিয়া সড়কের মধুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালীয়া গ্রামে। তিনি পেশায় একজন পল্লী পশু চিকিৎসক ছিলেন।
জানা গেছে, উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালীয়া গ্রামে পল্লী পশু চিকিৎসক ৪ সন্তানের জনক বজলুর রহমান(৬০) নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কালামপুর যাওয়ার পথে মধুডাঙ্গা নামক স্থানে পৌঁছলে কালামপুরমুখী একটি ট্রাকের সামনে হঠাৎ একটি শিশু দৌড়ে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে চালক জরুরি ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় নিয়ন্ত্রণহীন ট্রাকটি একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী বজলুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, গত ২৪ ঘণ্টায় একই স্থানে এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। ঘন ঘন দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, সড়কটিতে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল, কার্যকর গতিনিয়ন্ত্রণের অভাব এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েই চলছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: ইলয়াস হোসেন।