নতুন মন্ত্রীদের বরণে প্রস্তুত প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। উপদেষ্টাদের নামফলক পরিবর্তন করে ইতোমধ্যে বসানো হয়েছে নতুন মন্ত্রীদের নামফলক। একইসঙ্গে মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষগুলোতে আনা হয়েছে নান্দনিক পরিবর্তন। এসি, বাতি, আসবাবপত্র থেকে শুরু করে সামনের বারান্দা পর্যন্ত চলছে সাজসজ্জার কাজ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয় ঘুরে দেখা গেছে, তথ্য ও সম্প্রচার, আইন, কৃষি, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি, স্বরাষ্ট্র, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্তসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীদের নাম সংবলিত ফলক টানানো হয়েছে। দপ্তরের সামনে সাজানো হয়েছে নতুন ফুলের টব। কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীদের বরণ করে নিতে কর্মব্যস্ত সময় পার করছেন।
নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করতে গার্ড অব অনারের প্রস্তুতিও নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন। মন্ত্রীদের আগমন ঘিরে প্রশাসনিক ও আনুষ্ঠানিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

বুধবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সচিবালয় এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে কার্ড ও নামের তালিকা যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধ-এ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর নতুন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে এসে দায়িত্ব গ্রহণ করবেন। সচিবরা ফুল দিয়ে তাদের বরণ করবেন এবং কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবেন। পরে কেউ কেউ সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে পারেন।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়ান। এরপর ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। তার আগে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।