নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর ছবি অঙ্কনের অভিযোগে ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতের দিকে শিক্ষার্থীরা হলের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।
শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহ ধরে হলের ছাদের সংস্কারকাজ চলছিল। কাজের শেষ পর্যায়ে এক নির্মাণ শ্রমিক হলের পেছনের ব্লকের দেয়ালে অশ্লীল ছবি অঙ্কন করেন।
বুধবার সকালে ছবিটি দেখতে পেয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা দাবি জানান, কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে ছাত্রীদের প্রতি অশোভন আচরণ ও ইঙ্গিত করে আসছিলেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা দায়ীদের শাস্তি, হলের নিরাপত্তা জোরদার এবং বহিরাগত শ্রমিকদের নিয়ন্ত্রণের দাবি জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে রাত ১২টার দিকে বিক্ষোভ স্থগিত করা হয়।
তবে শিক্ষার্থীরা সতর্ক করে জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে।
হল প্রভোস্ট প্রফেসর আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, ছবিটি দেখে প্রশাসন ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারসহ পরিদর্শন করেছেন এবং দায়ীদের শনাক্তের চেষ্টা করা হয়েছে। কেউ শনাক্ত না হওয়ায় ছবিটি মুছে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে পুনরায় বৈঠক করে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হবে।