খরতপ্ত গরম আর উজ্জ্বল রোদ এই দুইয়ের মাঝেই আসে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। কিন্তু উৎসবের আনন্দ অনেক সময় ম্লান হয়ে যায় রোদে পোড়া ত্বক, অতিরিক্ত ঘাম আর তৈলাক্ত ভাবের কারণে। অথচ খুব সহজ একটি উপাদান চালের গুঁড়া দিয়েই এই সমস্যার কার্যকর সমাধান মিলতে পারে।
প্রাচীনকাল থেকেই এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে চীন, জাপান ও কোরিয়ায়, ত্বকের যত্নে চালের গুঁড়ার ব্যবহার প্রচলিত। এর প্রধান উপাদান স্টার্চ যা ত্বকের প্রাকৃতিক তেল বজায় রেখে অতিরিক্ত তেল শোষণ করে নেয়। ফলে ত্বক থাকে সতেজ ও ম্যাট।
পাশাপাশি এতে থাকা ফেরুলিক অ্যাসিড ও ফাইটিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং রোদে পোড়া দাগ হালকা করে। যদিও এটি সরাসরি সানস্ক্রিন নয় তবে রোদে ক্ষতিগ্রস্ত ত্বককে শান্ত করতে বেশ কার্যকর।
গরমের সময়ে শুধু চালের গুঁড়া ব্যবহার করলেই হবে না বরং নিজের ত্বকের ধরন অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করাই আসল ‘স্মার্ট কেয়ার’।
তৈলাক্ত ত্বকের জন্য চালের গুঁড়ার সঙ্গে মুলতানি মাটি ও গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করলে তা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখে এবং ত্বককে ফ্রেশ রাখে।
রোদে পোড়া দাগ দূর করতে চালের গুঁড়ার সঙ্গে সামান্য হলুদ ও দুধ বা টক দই মিশিয়ে ব্যবহার করা যায়। এতে মৃত কোষ দূর হয়ে ত্বকে দ্রুত উজ্জ্বলতা ফিরে আসে।
সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে টক দইয়ের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে ব্যবহার করলে ত্বকের জ্বালাপোড়া কমে এবং ত্বক প্রশান্ত হয়।
অন্যদিকে শুষ্ক ত্বকের জন্য চালের গুঁড়ার সঙ্গে মধু ও অল্প অলিভ অয়েল বা অ্যাভোকাডো মিশিয়ে ব্যবহার করলে ত্বক যেমন পরিষ্কার হয় তেমনি আর্দ্রতাও বজায় থাকে।
চালের গুঁড়া একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হলেও ব্যবহার করতে হবে সাবধানে। গুঁড়া যেন খুব মিহি হয় এবং কখনোই জোরে ঘষা না হয়। অতিরিক্ত স্ক্রাবিং ত্বকের ক্ষতি করতে পারে তাই সপ্তাহে দুইবারের বেশি ব্যবহার না করাই ভালো।
উৎসবের দিনে ত্বক ভালো রাখতে দামি প্রসাধনীই একমাত্র ভরসা নয়। বরং ঘরোয়া উপাদান দিয়ে সঠিকভাবে যত্ন নিলেই পাওয়া যেতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা। এই পয়লা বৈশাখে রোদের সঙ্গে লড়াই করে নয় বরং প্রাকৃতিক উপায়ে ত্বককে প্রস্তুত করে উৎসব উপভোগ করুন আত্মবিশ্বাসের সঙ্গে।