চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) মুন্সীগঞ্জে জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া চাঁদাবাজি বা সিন্ডিকেট টিকে থাকতে পারে না। চাঁদাবাজি বন্ধ করা গেলে সাধারণ মানুষের জীবন অনেকটাই স্বস্তিদায়ক হবে।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বাজারে পণ্যের দাম কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না।
তিনি বলেন, এসব সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে সাধারণ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি নিজেদের কর্মীদের চাঁদাবাজি ও সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে না পারে, তাহলে সেই দলের রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার থাকে না।
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অন্যায়, দুর্নীতি ও রাজনৈতিক দলের ভুলত্রুটি নিরপেক্ষভাবে তুলে ধরা উচিত।
আগামীর বাংলাদেশকে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।