ঢাকার ধামরাইয়ে রাইস মিলের নৈশ প্রহরী ও কর্মচারীদেরকে বেঁধে ডাকাতরা একটি রাইস মিল থেকে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার আনুমানিক দিবাগত রাত ৩ টার দিকে পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিল নামে একটি চালের কারখানায়ে এ ঘটনা ঘটে। লুটকৃত চালের মূল্য প্রায় ৮ লাখ টাকা।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চারজন কর্মচারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
কারখানার নৈশপ্রহরী মো. হযরত আলী জানান, ১০-১২ জন লোক মিলের পেছন থেকে এসে আমার হাত পা মুখ বেধে আমার গলায় চাকু ধরে। এরপর এখানে থাকা আরোও চারজন শ্রমিককে আমার সাথে মিলের অফিসের পাশের একটি কক্ষে বেধে রেখে চাল নিয়ে যায়।
কারখানার এক চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, মধ্য রাতের দিকে ডাকাতির ঘটনা ঘটলেও আমাকে সকাল ৭টার দিকে ম্যানেজার বিষয়টি জানায়। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোয় আমি বিষয়টি বুঝতে পারছি না।
ফরিদ নামে আর এক চাল ব্যবসায়ী জানান, ডাকাতির ঘটনা ঘটে রাত ৩টার দিকে, কিন্তু আমাকে জানানো হয় সকাল ১০টার দিকে। আমি ঋণ করে টাকা এনে ব্যবসা করছিলাম। এ অবস্থায় কী করবো বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছ।