দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী এবং একটি শিশু রয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হামলায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নাবাতিয়েহ জেলার হাব্বুশ শহরে হামলায় দুই নারী ও এক শিশুসহ আটজন নিহত হন। এছাড়া সাইদা জেলার জরারিয়েহ এলাকায় আরও চারজন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুই নারী রয়েছেন। টাইর জেলার আইন বালে একজন নিহত হয়েছেন।
তিন সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর পরও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ থামছে না। শনিবার ইরান-সমর্থিত হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে এক সেনা নিহত হয়েছে। মার্চের শুরু থেকে এখন পর্যন্ত লেবানন সীমান্তে ১৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
শনিবার লেবাননের সেনাপ্রধান জেনারেল রুডলফ হাইকেল বৈরুত বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জেনারেল জোসেফ ক্লিয়ারফিল্ডের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বর্তমান পরিস্থিতিতে লেবাননের সেনাবাহিনীকে সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
গত ১৬ এপ্রিল ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা শেষে প্রথমে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, বিমান অভিযান এবং হামলার সরিয়ে নেওয়ার নির্দেশনা অব্যাহত রয়েছে।