যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার ‘খুবই কাছাকাছি’ অবস্থান তৈরি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, তেহরান ইতোমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হস্তান্তরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে রাজি হয়েছে যা আগে তারা মানতে অস্বীকৃতি জানাত।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও নতুন চুক্তি দ্রুতই হয়ে যেতে পারে ফলে সময় বাড়ানোর প্রয়োজন নাও পড়তে পারে।
তার দাবি, আসন্ন সপ্তাহান্তেই দুই পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
তিনি আরও বলেন, চুক্তি সম্পন্ন হলে তিনি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পারেন, যা পাকিস্তানে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
তবে চুক্তি না হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। পাশাপাশি তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও চাপ কার্যকরভাবে বজায় রয়েছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নতুন একটি কূটনৈতিক মোড়ের দিকে যাচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।