মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার টানাপোড়েনের মধ্যে নতুন দাবি সামনে এনেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি।
তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত চাপের কারণে যুক্তরাষ্ট্রের নীতি কার্যত ব্যর্থ হয়েছে এবং ওয়াশিংটনকে অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য হতে হয়েছে।
শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি দাবি করেন, ইরানের ক্রমবর্ধমান সক্ষমতা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনেছে। তার ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে চালু রাখার বিষয়ে একটি সাময়িক সমঝোতার পথে যেতে হয়েছে যা ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ নীতির ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি ইরানের প্রতিরোধ সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, খামেনির আরেক উপদেষ্টা মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো শান্তিচুক্তির ক্ষেত্রে কঠোর শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রথম শর্ত হিসেবে ইরানের জব্দ করা প্রায় ২৪ বিলিয়ন ডলার সম্পদ ফেরত দিতে হবে। তার মতে, এটি মার্কিন নেতৃত্বের জন্য আস্থার পরীক্ষাও বটে।
রেজায়ি সতর্ক করে আরও বলেন, নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না; বরং লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত এর প্রভাব বিস্তৃত হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া