দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী ও পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের ৮০ শতাংশ নারী হবেন যারা পরিবারভিত্তিক প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন।
তিনি বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মিডওয়াইফসহ বিভিন্ন পদের শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে এ খাতের সর্বোচ্চ। আগামী পাঁচ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
চিকিৎসা ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার, হার্টের স্টেন্ট, হার্টের ভাল্ব, পেসমেকার, অক্সিজেনেটর, চোখের লেন্স এবং ক্যানসার চিকিৎসার কিছু কাঁচামালসহ বিভিন্ন চিকিৎসা-সংশ্লিষ্ট পণ্যে ভ্যাট ও কর কমানো বা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।