চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে দুবাই থেকে বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোয়েন্দা কর্মকর্তারা তাকে তল্লাশি করেন। এ সময় তার পায়জামার বেল্ট এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালংকার ও গলিত সোনা উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।
উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সোনা চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।