প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষা খাতকে শুধু ব্যয় হিসেবে নয় বরং একটি জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে বর্তমান সরকার।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন সম্মেলন কক্ষে গণসাক্ষরতা অভিযান আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারেই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের প্রাথমিক শিক্ষায় এখনো কাঙ্ক্ষিত শিখন দক্ষতা অর্জিত হয়নি। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) অনুযায়ী প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী পিছিয়ে রয়েছে, এবং প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
শিক্ষার্থীদের পিছিয়ে পড়া বা ঝরে পড়া রোধে সরকার ‘রেমিডিয়াল শিক্ষা’ কার্যক্রম চালু করতে যাচ্ছে। এতে লার্নিং সার্কেল, কমিউনিটি সম্পৃক্ততা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাকন্টেন্ট ব্যবহার করে শিখন ঘাটতি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী জানান, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের লেখা ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থে বাংলাদেশের শিক্ষা সংস্কারের একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরা হয়েছে। এতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।