ঈদযাত্রার গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে প্রায় ৬৪ কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। একই সময়ে দুই সেতু দিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে।
সোমবার (১ জুন) সেতু কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় হয় ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে টোল আদায় হয় ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। ফলে দুই সেতু মিলিয়ে মোট টোল আদায় দাঁড়ায় প্রায় ৬৪ কোটি টাকা।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল। সমন্বিত উদ্যোগের ফলে যান চলাচল স্বাভাবিক ছিল এবং বড় ধরনের ভোগান্তি হয়নি।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকির ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে নিরাপদ ও সুশৃঙ্খল হয়েছে।